ডুমুরিয়া প্রতিনিধি””””
ডুমুরিয়ায় চুকনগর বাজারে জেলা পরিষদের দোকান ঘর থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় বাজার বণিক সমিতির সভাপতিকে লাঞ্ছিত ও হামলার
প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা চুকনগর বাজার ব্যবসায়ী মহল। বৃহস্পতিবার বিকেলে চুকনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুকনগর বাজারে অবস্থিত জেলা পরিষদের ৭৫টি দোকান ঘর বরাদ্দ দেওয়ার নামে প্রতিটি ঘর থেকে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা করে আদায় করছিলেন কথিত যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবু। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী ফরহাদ হোসেন বাবুর কাছে এই অর্থ আদায়ের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বাবু অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলামকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং লাথি মারেন। ঘটনার পরপরই অভিযুক্ত বাবু দ্রুত স্থান ত্যাগ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে চুকনগর বাজার বণিক সমিতি তাৎক্ষণিক ভাবে চুকনগর বাসস্ট্যান্ড চত্বর অবরোধের ঘোষণা দেয়। মুহূর্তের মধ্যে বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেন।ব্যবসায়ীদের এই সড়ক অবরোধের কারণে চুকনগর-খুলনা, চুকনগর-সাতক্ষীরা, চুকনগর-নওয়াপাড়া ও চুকনগর-যশোর—এই চার মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আক্রান্ত বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোসলে আক্তার লেলিন, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক মিলন, ব্যবসায়ী মহাদেব পাল ও ওয়াহেদুজ্জামজন মিলন প্রমুখ।
বক্তারা অবিলম্বে চাঁদাবাজ ও হামলাকারী ফরহাদ হোসেন বাবুকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করা না হলে চুকনগরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, সুনির্দিষ্ট তথ্যসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। একই সাথে ঘটনাস্থলে এসে স্থানীয়দের শান্ত থাকার ও বিচারের আশ্বাস দেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।

















